দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নত হলে গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা শহরের রহমতখালী খালের মাদাম ব্রিজ সংলগ্ন এলাকায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খননের পাশাপাশি মাছের চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সবাই মিলে আমাদের গ্রামীণ অবকাঠামোকে গুরুত্ব দিতে হবে। তাহলেই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। মাছের চাষের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা করতে হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত কর্মসূচিতে জেলার ৩৩টি প্রতিষ্ঠানে মোট ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রহমতখালী খালে ৩৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন পানিসম্পদমন্ত্রী এ্যানি চৌধুরী। রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তের ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মাছের প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
/অ